মেহেন্দীগঞ্জে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে টাকা চাওয়াকে কেন্দ্র করে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে নিরু বেগম (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবিউল ফকিরকে (২৩) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিরু বেগম ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী। অভিযুক্ত রবিউল কৃষিকাজের সঙ্গে যুক্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মায়ের কাছে টাকা চান রবিউল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই নিরু বেগমের মৃত্যু হয়। এ সময় বাবাকেও মারধর করেন রবিউল।
পরে স্থানীয়রা নিরু বেগমকে উদ্ধার করে দফাদারহাটের মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় লোকজন রবিউলকে আটক করে পুলিশে খবর দেন।
ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খোকন মাতুব্বর জানান, রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তিনি তাঁর বাবাকেও মারধর করেছেন।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, টাকার জন্য রবিউল তাঁর মায়ের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রবিউলকে আটক করেছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com