৫০ বছর পর পুরোনো স্কুলে ফিরে শৈশবের স্মৃতি ফিরিয়ে আনলেন ১৯৭৬ ব্যাচের বন্ধুরা।
কাঁধে স্কুলব্যাগ, গলায় রঙিন পানির বোতল। পরনে স্কুলের মতো পোশাক। দেখলে মনে হবে, তারা বুঝি এখনো স্কুলের ছাত্র। কিন্তু বাস্তবে তারা সবাই প্রবীণ। জীবনের শেষবেলায় এসে প্রায় পাঁচ দশক আগের শৈশবের স্মৃতি নতুন করে ফিরিয়ে আনলেন ১৯৭৬ ব্যাচের একদল পুরোনো বন্ধু।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই ব্যতিক্রমী পুনর্মিলনীর একটি ভিডিও প্রকাশ করেন রাকেশ নগর নামে এক ব্যক্তি। ভিডিওতে দেখা যায়, দীর্ঘদিন পর নিজেদের পুরোনো বিদ্যালয়ে একত্রিত হয়েছেন ১৯৭৬ ব্যাচের কয়েকজন সহপাঠী।
শৈশবের স্কুলজীবনের স্মৃতি ফিরিয়ে আনতে তারা পুরোনো ইউনিফর্মের আদলে শার্ট-প্যান্ট পরেন। সঙ্গে ছিল কাঁধে স্কুলব্যাগ ও গলায় ঝোলানো পানির বোতল। স্কুলের প্রধান ফটক দিয়ে প্রবেশের পরই যেন বয়সের ভার ভুলে যান তারা।
ক্যাম্পাসে ঢুকেই বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দে মেতে ওঠেন তারা। একসঙ্গে বসে ছোটবেলার জনপ্রিয় খেলায় অংশ নেন। পরে সারিবদ্ধ হয়ে ছোটদের মতো ‘রেলগাড়ি’ সেজে নেচে-গেয়ে স্কুলের মাঠে আনন্দ করেন।
পুনর্মিলনীর আয়োজন নিয়ে রাকেশ নগর জানান, পুরোনো দিনের সোনালি স্মৃতিগুলো আবার ফিরিয়ে আনার কথা তারা প্রায়ই ভাবতেন। শেষ পর্যন্ত সবাই মিলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন।
তিনি বলেন, যে স্কুলে একসময় তারা হাসতেন, খেলতেন এবং গভীর বন্ধুত্বে জড়িয়ে পড়েছিলেন, সেখানেই আবার সবাই একত্রিত হয়েছিলেন।
ভিডিওটির ক্যাপশনে রাকেশ নগর লেখেন, ‘১৯৭৬ ব্যাচের আমার শৈশবের বন্ধুরা।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভিডিওটি ব্যাপক সাড়া ফেলে। অনেকেই নিজেদের স্কুলজীবনের স্মৃতিচারণ করে নস্টালজিক হয়ে পড়েন। কেউ কেউ জানান, এখনো তাদের স্কুলবন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। আবার অনেকে প্রবীণ বন্ধুদের এমন আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেওয়ার প্রশংসা করেন।
১৯৭৬ ব্যাচের এই বন্ধুদের কাছে দিনটি তাই নিছক কোনো পুনর্মিলনী ছিল না। কয়েক ঘণ্টার জন্য তারা ফিরে গিয়েছিলেন সেই পুরোনো স্কুলজীবনে—যেখানে ছিল বন্ধুত্ব, খেলাধুলা আর অসংখ্য স্মৃতি। তবে এবার সেই শৈশবের সঙ্গে যুক্ত হয়েছিল প্রায় ৫০ বছরের জীবনের অভিজ্ঞতা।
সূত্র: ইন্ডিয়া টুডে
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com