বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি দিতে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন নীতিমালা অনুযায়ী, দেশের বিভিন্ন স্তরের ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা দেওয়া হবে। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষক নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদ পাবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা নীতিমালা অনুযায়ী, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে। দিবসটির কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্ব পালন করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নীতিমালায় দিবসটি উদযাপনের তিনটি প্রধান উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—ইউনেস্কোর ঘোষিত প্রতিপাদ্যের আলোকে দিবসটি পালন, সমাজের বিভিন্ন স্তরে শিক্ষকদের ভূমিকা ও অবদান তুলে ধরা এবং গুণী শিক্ষক সম্মাননার মাধ্যমে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা জানানো।
নীতিমালা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ১০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে সাধারণ শিক্ষা থেকে পাঁচজন এবং মাদ্রাসা শিক্ষা থেকে পাঁচজন থাকবেন।
মাধ্যমিক পর্যায়ে সম্মাননা পাবেন ২০ জন। এর মধ্যে সাধারণ শিক্ষা থেকে ১০ জন, কারিগরি শিক্ষা থেকে পাঁচজন এবং মাদ্রাসা শিক্ষা থেকে পাঁচজন নির্বাচিত হবেন।
কলেজ পর্যায়ে ২৫ জনকে সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে সাধারণ শিক্ষা থেকে ১৫ জন, কারিগরি শিক্ষা থেকে পাঁচজন এবং মাদ্রাসা শিক্ষা থেকে পাঁচজন থাকবেন।
সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন শিক্ষক সম্মাননা পাবেন। তাদের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন থাকবেন।
বিশেষায়িত ও অন্যান্য প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষকের মধ্যে চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তিনজন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে চারজন থাকবেন। এছাড়া প্রধানমন্ত্রীর নির্বাচিত পাঁচজন শিক্ষকও সম্মাননা পাবেন।
নীতিমালায় বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে জাতীয় স্টিয়ারিং কমিটি সম্মাননার স্তর ও সংখ্যা পরিবর্তন করতে পারবে।
গুণী শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিটি ক্যাটাগরির জন্য তিনজনের প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠাবে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সংশ্লিষ্ট কমিটি প্রতিটি ক্যাটাগরির জন্য তিনজনের প্যানেল তৈরি করে চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে উপস্থাপন করবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com