ভাসমান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনায় থাকা বিআইডব্লিউটিসির তিনটি যাত্রীবাহী জাহাজ।
উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপাঞ্চলের মানুষের কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) তিনটি যাত্রীবাহী জাহাজকে আধুনিক ভাসমান হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি, এমভি রূপসা ও এমভি সুগন্ধাকে চিকিৎসাসেবার উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার সদরঘাটের বাদামতলী এলাকায় বিআইডব্লিউটিসির টার্মিনালে জাহাজগুলো পরিদর্শনের মাধ্যমে উদ্যোগটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় ও বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলের মানুষের জন্য দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। ভাসমান হাসপাতালের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের কাছে সরাসরি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া সম্ভব হবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, নৌপথকে কাজে লাগিয়ে মানুষের মৌলিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুততম সময়ের মধ্যে জাহাজগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সুবিধা দিয়ে ভাসমান হাসপাতালে রূপান্তরের জন্য বিআইডব্লিউটিসি কাজ করবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ভাসমান হাসপাতালগুলোতে আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব ও বহির্বিভাগসহ বিভিন্ন চিকিৎসা সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাভাবিক সময়ের পাশাপাশি দুর্যোগের সময়ও নদীবেষ্টিত ও প্রত্যন্ত এলাকার মানুষ মূল ভূখণ্ডে না এসেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com