ট্যাংক ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য তাসনিম রিফাত। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তাসনিম রিফাতের (২৯) রাজশাহীর বাড়িতে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার সকাল থেকেই পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড় করছেন।
মাত্র এক বছর আগে মাকে হারানো রিফাতকে মায়ের কবরের পাশেই দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রিফাত বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের গানার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম সেনানিবাসের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাটহাজারী ফিল্ড ফায়ার রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে ট্যাংকের ভেতরে একটি গোলা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।
স্ত্রী ও এক কন্যাসন্তানকে নিয়ে তিনি চট্টগ্রাম সেনানিবাসের সরকারি বাসভবনে থাকতেন।
চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় রিফাতের আকস্মিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে স্ত্রীকে হারানোর শোক কাটতে না কাটতেই ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আসাদুল হক।
শোকাহত বাবা জানান, গত কোরবানির ঈদের ছুটিতে রিফাত সর্বশেষ গ্রামের বাড়িতে এসেছিলেন। এরপর ফোনে নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন।
তিনি জানান, ঢাকা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে রিফাতের মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে নেওয়ার কথা রয়েছে। সেখান থেকে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার পর বিন্দারামপুর জামে মসজিদসংলগ্ন গোরস্থানে জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com