ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১২:১৪ এএম, ২৬ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ভারতের সামরিক স্থাপনায় নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক

প্রকাশিত : ১২:১৪ এএম, ২৬ নভেম্বর ২০২৬

ভারতের ওপর নজরদারি সক্ষমতা বাড়াচ্ছে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক :

চীন ও পাকিস্তানের যৌথ মহাকাশ সক্ষমতা ভারতের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোর ওপর নজরদারির সুযোগ বাড়াচ্ছে। দুই দেশ এমন একটি সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে, যার মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ চালানো সম্ভব হতে পারে। ২০২৫ সালে ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের সময়ও এ সহযোগিতা জোরদার হয়েছিল বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ভারতীয় মহাকাশ নজরদারি প্রতিষ্ঠান দিগন্তরার তৈরি ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও কৌশলগত এলাকাগুলো পর্যবেক্ষণে চীনের স্যাটেলাইট সক্ষমতা ব্যবহার করা হয়ে থাকতে পারে। প্রতিবেদনটির অনুলিপি পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

প্রতিবেদনে চীনের উচ্চক্ষমতাসম্পন্ন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ইয়াওগান-৪১-এর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। দাবি করা হয়েছে, স্যাটেলাইটটি পুরো ভারতীয় উপমহাদেশে ধারাবাহিক নজরদারি চালাতে সক্ষম এবং অপারেশন সিঁদুরের সময় ভারতের বিমানঘাঁটিগুলো পর্যবেক্ষণে ব্যবহার হয়ে থাকতে পারে।

দিগন্তরার বিশ্লেষণ অনুযায়ী, চীন ও পাকিস্তানের স্যাটেলাইট সক্ষমতা একত্রে ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, সীমান্তবর্তী স্থাপনা, বিমানঘাঁটি, নৌ-স্থাপনা ও কৌশলগত সম্পদের ওপর নজরদারির সুযোগ বাড়াচ্ছে।

চীনের সহায়তায় পাকিস্তানের ছয় স্যাটেলাইট

২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাকিস্তান ছয়টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি চীনের উৎক্ষেপণকেন্দ্র থেকে দেশটির রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়। স্যাটেলাইটগুলো হলো—PRSC-EO1, PRSS-2, HS-1, PRSC-EO2 ও PRSC-EO3।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব স্যাটেলাইট ভারতের ভূখণ্ড পর্যবেক্ষণের পাশাপাশি চীনের বিদ্যমান মহাকাশ নজরদারি নেটওয়ার্কের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। এর ফলে ভারতের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোর বিষয়ে তথ্য সংগ্রহ এবং নজরদারির ধারাবাহিকতা বাড়ানো সম্ভব হচ্ছে।

চীনের সহায়তায় স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে পাকিস্তানের গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও অনুসন্ধান সক্ষমতা (আইএসটিএআর) বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইএসটিএআর হলো একটি সমন্বিত সামরিক ব্যবস্থা। স্যাটেলাইট, ড্রোন, উড়োজাহাজ, রাডার, ভূমিতে স্থাপিত সেন্সর ও বিভিন্ন গোয়েন্দা নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্য একত্র করে প্রতিপক্ষের সামরিক কর্মকাণ্ড ও সক্ষমতা সম্পর্কে ধারণা দেয় এই ব্যবস্থা।

আগে থেকেই গড়ে উঠছিল স্যাটেলাইট নেটওয়ার্ক

দিগন্তরার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সহযোগিতায় পাকিস্তানের স্যাটেলাইট কার্যক্রম ২০২৫ সালের আগেই শুরু হয়েছিল। ২০১৮ সাল থেকে PRSC-EO1, পাকস্যাট এমএম-১, আইকিউব-কিউ, PRSS-1 ও পাক টিইএস-১এ-এর মতো স্যাটেলাইট ভারতের ভূখণ্ড পর্যবেক্ষণে ভূমিকা রাখছে।

স্যাটেলাইটগুলোর কক্ষপথ ও কার্যক্রম এমনভাবে সাজানো হয়েছে, যাতে একটি স্যাটেলাইট কোনো অঞ্চলের ওপর নজরদারি শেষ করলে অন্যটি সেখানে পর্যবেক্ষণ চালাতে পারে। এতে নির্দিষ্ট এলাকাকে দীর্ঘ সময় ধরে নজরদারির আওতায় রাখা সম্ভব হয়।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের স্যাটেলাইটগুলো চীনের বৃহত্তর মহাকাশ নজরদারি নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন অঞ্চলের তথ্য সংগ্রহের ঘাটতি পূরণ করছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলো বিভিন্ন দিক থেকে পর্যবেক্ষণ এবং তুলনামূলক স্পষ্ট ছবি সংগ্রহের জন্যও কক্ষপথ নির্ধারণে পরিকল্পনা নেওয়া হয়েছে।

ছবি সংগ্রহে পাকিস্তানের স্যাটেলাইট সক্ষমতা

পাকিস্তানের পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট PRSS-1 ২০১৮ সালের জুলাইয়ে পাক টিইএস-১এ-এর সঙ্গে উৎক্ষেপণ করা হয়। এতে ইলেকট্রো-অপটিক্যাল ইমেজিং প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে প্যানক্রোম্যাটিক ও মাল্টিস্পেকট্রাল ছবি সংগ্রহ করা যায়।

প্যানক্রোম্যাটিক ছবির সাহায্যে উপযুক্ত পরিবেশে প্রায় এক মিটার আকারের বস্তু বা ভূ-পৃষ্ঠের বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব। অন্যদিকে, মাল্টিস্পেকট্রাল প্রযুক্তি তড়িৎচুম্বকীয় বর্ণালির বিভিন্ন অংশের তথ্য সংগ্রহ করে। এসব তথ্য ব্যবহার করে উদ্ভিদ, ভূমির ব্যবহার, জলাশয় ও ভূ-পৃষ্ঠের বৈশিষ্ট্য বিশ্লেষণ করা যায়।

পাকিস্তানের মহাকাশ সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) তথ্য অনুযায়ী, PRSS-1 পৃথিবীর যেকোনো স্থানের ছবি চার দিন পরপর ধারণ করতে পারে। অর্থাৎ, কোনো এলাকার ছবি তোলার প্রায় চার দিন পর আবারও সেই এলাকার ছবি সংগ্রহ করতে পারে স্যাটেলাইটটি।

ছবি গ্রহণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের জন্য ইসলামাবাদ ও করাচিতে দুটি গ্রাউন্ড স্টেশন রয়েছে।

২০২৪ সালে উৎক্ষেপণ করা পাকস্যাট-এমএম-১ একটি যোগাযোগ স্যাটেলাইট। চীনের সহায়তায় তৈরি এই স্যাটেলাইট পাকিস্তান ও আশপাশের অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেওয়ার জন্য নকশা করা হয়েছে।

এ ছাড়া PRSC-EO1 পাকিস্তানের নতুন পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট কর্মসূচির অংশ। এতে অপটিক্যাল সেন্সর ব্যবহার করে ভূ-পৃষ্ঠের ছবি সংগ্রহ করা হয়।

২০২২ সালে পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো এবং চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশনের মধ্যে একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে চুক্তি হয়। এর আওতায় চীনের রকেট ও প্রযুক্তিগত সহায়তা ব্যবহার করে পাকিস্তানের একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যবস্থা করা হয়।

মহাকাশ নজরদারিতে পাকিস্তানের ভূমিভিত্তিক অংশগ্রহণ

দিগন্তরার প্রতিবেদনে এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেজড স্পেস অবজারভেশন সিস্টেম (এপিওএসওএস) প্রকল্পে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও আলোচনা করা হয়েছে। এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশনের অধীনে পরিচালিত এই বহুজাতিক মহাকাশ নজরদারি নেটওয়ার্কে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রকল্পটির আওতায় ভূমিতে স্থাপিত অপটিক্যাল টেলিস্কোপের মাধ্যমে মহাকাশের বিভিন্ন বস্তু শনাক্ত ও সেগুলোর গতিপথ পর্যবেক্ষণ করা হয়। কক্ষপথে থাকা স্যাটেলাইটও এই পর্যবেক্ষণের আওতায় রয়েছে। প্রকল্পের প্রথম তিনটি পর্যবেক্ষণ কেন্দ্রের একটি পাকিস্তানে স্থাপন করা হয়েছে।

প্রতিটি কেন্দ্রে ১৫ সেন্টিমিটার অ্যাপারচারের অপটিক্যাল টেলিস্কোপ রয়েছে। এসব কেন্দ্র থেকে সংগৃহীত তথ্য চীনের বেইজিংয়ে অবস্থিত চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজের কেন্দ্রীয় স্থাপনায় পাঠানো হয়। অন্য দুটি পর্যবেক্ষণ কেন্দ্র পেরু ও ইরানে অবস্থিত।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের সদস্য হওয়ার পাশাপাশি একটি পর্যবেক্ষণ কেন্দ্রের আয়োজক হওয়ায় পাকিস্তান মহাকাশ পর্যবেক্ষণের তথ্য সংগ্রহে ভৌগোলিক সুবিধা পাচ্ছে। এসব তথ্যের মাধ্যমে কক্ষপথে থাকা বিভিন্ন স্যাটেলাইটের গতিপথ অনুসরণ করা সম্ভব, যার মধ্যে ভারতের মহাকাশ সম্পদও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, চীন মহাকাশে নিজেদের সক্ষমতা ও কৌশলগত প্রভাব বাড়ানোর প্রেক্ষাপটে ভারতেরও মহাকাশ নজরদারি, উপস্থিতি ও প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করা প্রয়োজন।

সূত্র: দ্য প্রিন্ট; দিগন্তরার প্রতিবেদন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com