ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:৪৬ এএম, ০৭ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

পুলিশকে হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট, শিবিরের সাবেক নেতা আলোচনায়

প্রকাশিত : ০৪:৪৬ এএম, ০৭ অক্টোবর ২০২৬

ফেসবুকে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠা আতিকুর রহমান।

নিউজ ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ফেনী সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমান। তিনি বর্তমানে তিনটি মামলার আসামি এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন আতিকুর। একপর্যায়ে তিনি পুলিশকে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দেন। পোস্টটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আতিকুরের দাবি, তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের সময় তার বাড়ির দরজা ও আলমারি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদেই তিনি ফেসবুকে পোস্টটি দিয়েছেন বলে তার বক্তব্য।

পোস্টে কোম্পানীগঞ্জ থানার সদ্য বদলি হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের বদলির প্রসঙ্গ টেনে আতিকুর প্রশ্ন করেন, বদলি করলেই কি সব সমস্যার সমাধান হয়।

এ ছাড়া তিনি পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তার বাড়িতে অভিযানের নেতৃত্ব দেওয়া, জুলাই আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য করা এবং চাকরি থেকে বরখাস্তের দাবি তোলেন। একই পোস্টে পুলিশ সদস্যদের উদ্দেশে হুমকিমূলক ভাষাও ব্যবহার করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানার তৎকালীন ওসি নুরুল হাকিম ও পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আলমের নেতৃত্বে আতিকুরকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।

অভিযানের সময় তার ঘরের দরজার তালা ভাঙার অভিযোগ তুলে রোববার রাতে চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামী পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে।

আতিকুর রহমান বলেন, পুলিশ তার বাড়িতে গিয়ে ঘরের দরজা ও আলমারি ভেঙে ফেলে। তার দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছিল এবং ২০২৩ ও ২০২৪ সালে তিনি এসব মামলায় খালাস পেয়েছেন। তবে মামলার নকল সংগ্রহ করা হয়নি এবং সোমবার সেগুলোর নকল নিয়ে থানায় জমা দিয়েছেন বলে জানান তিনি।

তবে কোম্পানীগঞ্জ থানার সদ্যবিদায়ি ওসি মোহাম্মদ নুরুল হাকিম অভিযোগ অস্বীকার করে বলেন, ঘরের দরজা ও আলমারি ভাঙার বিষয়টি সত্য নয়। তার ভাষ্য, এটি সাজানো অভিযোগ। আতিকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালানো হয়েছিল।

আতিকুরের ফেসবুক পোস্টে ব্যবহৃত হুমকিমূলক বক্তব্যের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নতুন কোনো মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়ার তথ্য জানা যায়নি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com