ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:৩৭ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে জ্যাকসন হাইটসে বিএনপি-আওয়ামী লীগ উত্তেজনা

প্রকাশিত : ০৮:৩৭ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে জ্যাকসন হাইটসে বিএনপি নেতাকর্মীদের কর্মসূচি।

নিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে রাজনৈতিক পোস্টার ও ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয় সময় রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইত্যাদি বাজারের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক নিউইয়র্ক সিটি পুলিশ সদস্য উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। সফর উপলক্ষে দলটির নেতাকর্মীরা কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন প্রস্তুতি সভাও করেছেন।

অন্যদিকে, তারেক রহমানের সফরের বিরোধিতা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রপ্রবাসী নেতাকর্মীরাও কর্মসূচি ঘোষণা করেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

রোববার বিকেলে জ্যাকসন হাইটসের একটি ব্যানার ছিঁড়ে ফেলার খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। এতে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তোফায়েল চৌধুরী লিটনসহ কয়েকজন নেতৃত্ব দেন বলে সংশ্লিষ্টরা জানান।

যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহসভাপতি আতিকুল হক আহাদ বলেন, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রায় দুই ঘণ্টা পাল্টাপাল্টি স্লোগান হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ ও যুবলীগ নেতা মিজানসহ কয়েকজন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে কর্মসূচি হয়েছে বলে দলটির নেতারা জানান। তাদের ভাষ্য, তারা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের বিরোধিতা করছেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদে তার বক্তব্যের সময় বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা। নিউইয়র্ক সময় সোমবার বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ২৮ সেপ্টেম্বরও নির্ধারিত কার্যক্রম রয়েছে। তারেক রহমান ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তার নিউইয়র্ক সফর ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত হয়েছে। সফরকে কেন্দ্র করে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন প্রস্তুতি ও স্বাগত কর্মসূচি চলছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com