মাঝসমুদ্রে হঠাৎ দেখা হয় বাবা-ছেলের দুই জাহাজের।
বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে বিশাল সমুদ্রে ভিন্ন দুটি জাহাজে করে বিপরীত দিকে যাচ্ছিলেন বাবা ও ছেলে। গন্তব্যও ছিল আলাদা। কিন্তু হঠাৎ মাঝসমুদ্রে তাদের জাহাজের দেখা হয়ে যায়। আর সেই আকস্মিক সাক্ষাৎই পরিণত হয় বাবা-ছেলের এক আবেগঘন পুনর্মিলনে।
নাবিক রুশীল সরন নিজের জাহাজ নিয়ে উত্তরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি বড় জাহাজ আসতে দেখে কৌতূহলবশত সেটির রুট ও অন্যান্য তথ্য পরীক্ষা করেন তিনি। তখনই জানতে পারেন, ওই জাহাজে রয়েছেন তার বাবা।
সম্পূর্ণ অপরিকল্পিত এই সাক্ষাতের মুহূর্ত ভিডিও করে ইনস্টাগ্রামে প্রকাশ করেন রুশীল। ঘটনাটিকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত উল্লেখ করে তিনি লেখেন, কোটিতে একবার এমন সুযোগ আসে, যখন মাঝসমুদ্রে দুই প্রজন্মের নাবিক—বাবা ও ছেলে—এভাবে একে অপরের মুখোমুখি হন। দুটি জাহাজ, দুটি যাত্রা হলেও মুহূর্তটি হয়ে ওঠে অবিস্মরণীয়।
ছেলের পোস্টে আবেগঘন প্রতিক্রিয়া জানান তার বাবাও। ‘দ্য ক্রসিং পয়েন্ট’ শিরোনামে তিনি দূর থেকে ছেলের ছোট জাহাজটি নিজের জাহাজকে অতিক্রম করার মুহূর্তের কথা স্মরণ করেন। একই সমুদ্রে বাবা একদিকে আর ছেলে অন্যদিকে যাত্রা করছে—এই দৃশ্য তাকে গর্বিত ও আবেগাপ্লুত করেছে বলে মন্তব্যে জানান তিনি। পাশাপাশি ছেলের নিরাপদে বাড়ি ফেরার কামনাও করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে। অনেকেই বাবা-ছেলের এই আকস্মিক সাক্ষাতকে বিরল ও হৃদয়স্পর্শী ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, একজন নাবিকের জীবনে এমন ঘটনা অত্যন্ত বিরল।
পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে থাকা দুই নাবিকের জন্য মাঝসমুদ্রে হঠাৎ ঘটে যাওয়া এই সাক্ষাৎ দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com