টাইফুন দুজুয়ানের প্রভাবে জাপানের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া।
জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে রাজধানী টোকিওসহ দেশটির পূর্বাঞ্চলে শুরু হয়েছে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুনটি টোকিও মহানগরীর কাছ দিয়ে অতিক্রম করতে পারে। এর প্রভাবে সোমবার বিকেল থেকে কান্টো অঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। একই সঙ্গে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিও রয়েছে।
শনিবার থেকে ইজু দ্বীপপুঞ্জসহ জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কিছু এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে টোকিও থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইজু দ্বীপপুঞ্জের ওশিমায় সর্বোচ্চ মাত্রার ভূমিধস জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
দুজুয়ানের প্রভাবে জনজীবনেও ব্যাঘাত ঘটেছে। আইচি প্রিফেকচারে চলমান এশিয়ান গেমসের অশ্বারোহী ইভেন্ট স্থগিত করে মঙ্গলবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝড়ের কারণে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার কথা থাকা জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির যাত্রাও চার ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদেরা ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরির আশঙ্কা করছেন। এ ধরনের বৃষ্টির মেঘ কোনো একটি এলাকায় দীর্ঘ সময় আটকে থাকলে অল্প সময়ে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি দ্রুত বেড়ে যায়।
ঝড়ের কারণে টোকিও ও আশপাশের এলাকায় শত শত ফ্লাইট বাতিল হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ কিছু এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com