প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, ‘মনে হচ্ছে ৯৬-এর পুরাতন প্রেম আবারও জেগে উঠেছে। জানি না, এই প্রেমের মাঝখানে এনসিপির অবস্থান কী হবে।’
সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। তাঁর পোস্টের বক্তব্য নিয়ে একাধিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
পোস্টে রাশেদ খান দাবি করেন, বিএনপি সরকারকে দুটি বিরোধী দলের কর্মকাণ্ড মোকাবিলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর ঘিরে নিউইয়র্কে আওয়ামী লীগের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং দেশে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের কথাও তিনি উল্লেখ করেন।
জামায়াতের প্রসঙ্গে রাশেদ খান বলেন, তাঁর ধারণা, শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে জামায়াত আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। নির্বাচনের পর সংসদে জামায়াতের এমপিদের ‘দুর্বল পারফরম্যান্সের’ কারণে অনেকে দলটিকে কার্যকর বিরোধী দল হিসেবে মেনে নিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির প্রসঙ্গে রাশেদ খান দাবি করেন, দলটি জামায়াতের সঙ্গে একীভূত হওয়ার কারণে তাদের কার্যকর বিরোধী দল হওয়ার সম্ভাবনাও কমে গেছে।
তিনি আরও দাবি করেন, জামায়াত পরিস্থিতি বুঝে রাজপথে কর্মসূচির মাধ্যমে বিরোধী দলের অবস্থান ধরে রাখতে চাইছে এবং আওয়ামী লীগও বিরোধী দল হিসেবে রাজনীতিতে ফেরার সুযোগ খুঁজছে। এসব কারণে বিএনপি সরকারকে দুই পক্ষের কর্মকাণ্ড মোকাবিলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষ দিকে রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর ঘিরে আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্মিলিতভাবে মোকাবিলা করা প্রয়োজন ছিল। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে জামায়াত নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন তিনি। এরপরই ‘৯৬-এর পুরাতন প্রেম’ আবার জেগে ওঠার মন্তব্য করেন এবং এই পরিস্থিতিতে এনসিপির অবস্থান কী হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com