নিহত ফিরোজা বেগমের পরিবারের হাতে গাভী তুলে দিচ্ছে উপজেলা প্রশাসন।
বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিবারের আয় ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে তাদের একটি গাভী দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান নিহত ফিরোজার স্বজনদের হাতে গাভীটি তুলে দেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুর রহমান চৌধুরী, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল ও সাধারণ সম্পাদক পবন রায়সহ প্রশাসনের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউএনও জিয়াউর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে নিহতের পরিবারের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা করতেই গাভী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে পরিবারটির জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এর আগে গত ৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রতিমন্ত্রী আহত হন। দুর্ঘটনায় আহত বৃদ্ধা ফিরোজা বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com