জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় পর্বের উদ্বোধন
সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর বিভাগীয় পর্যায়ের আয়োজন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১৩ জেলার বিভিন্ন কলেজের ১ হাজার ৪৭২ জন অ্যাথলেট ও খেলোয়াড় অংশ নিচ্ছেন। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে জেলার সেরা খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৮ সেপ্টেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঢাকা বিভাগের এই পর্ব শেষ হবে। এখানকার বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শুধু শ্রেণিকক্ষের পড়াশোনার মধ্যে শিক্ষার্থীদের সীমাবদ্ধ না রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আনন্দময় ও মানবিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়।
তিনি বলেন, এ লক্ষ্যেই অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর মধ্যে ক্রীড়া চর্চার জোয়ার সৃষ্টি করা সম্ভব হলে এর ইতিবাচক প্রভাব দেশের পুরো শিক্ষাঙ্গনে পড়বে।
‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কোনো বিকল্প নেই।
শিক্ষার্থীদের জীবনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ড. আমানুল্লাহ বলেন, অনেকেরই শৈশব হারিয়ে গেছে। এখন আবার সেই শৈশব, কৈশোর ও যৌবনের আনন্দ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
সরকারের চাহিদা ও আগ্রহ অনুযায়ী সারা দেশের ছেলে-মেয়েদের মধ্যে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
ভাইস-চ্যান্সেলর বলেন, ঢাকা বিভাগ দিয়ে শুরু হওয়া এই ক্রীড়া আয়োজন পর্যায়ক্রমে দেশের অন্য সাতটি বিভাগেও অনুষ্ঠিত হবে। তরুণ সমাজকে সুস্থ, কর্মক্ষম ও মাদকমুক্ত রাখতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হতে হবে।
শুধু সার্টিফিকেট অর্জন নয়, শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতেও এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ঢাকা বিভাগের বিভিন্ন কলেজ থেকে আসা প্রতিযোগীদের অনেকেই ভবিষ্যতে নানাভাবে বাংলাদেশের নেতৃত্ব দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মুমিনুল হাসানসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক ও কর্মকর্তা, বিভিন্ন কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com