কুমিল্লা শিক্ষা বোর্ড
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে কুমিল্লা জেলা। এ জেলায় পাসের হার ৫৩ দশমিক ৫২ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার নোয়াখালীতে—৩৮ দশমিক ৯০ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফেনী। এ জেলায় পাসের হার ৫২ দশমিক ১৬ শতাংশ। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ দশমিক ১২, চাঁদপুরে ৪৫ দশমিক ৩৫ এবং লক্ষ্মীপুরে ৪১ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফলসংক্রান্ত তথ্য তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
বোর্ডের তথ্য অনুযায়ী, কুমিল্লা জেলার ১৬৭টি কলেজ থেকে ৩২ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ১৭ হাজার ৫৩০ জন। জেলাটিতে জিপিএ-৫ পেয়েছেন ৭৩৭ জন।
অন্যদিকে, নোয়াখালী জেলার ১৬ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৩১৭ জন। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন শিক্ষার্থী।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। বোর্ডের অধীন ১৯৩টি কেন্দ্রে ৪৫৬টি কলেজের মোট ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৪৪ হাজার ২৭২ জন। জিপিএ-৫ অর্জন করেছেন ১ হাজার ৩১৩ জন।
ফলাফল বিশ্লেষণে ইংরেজি ও উচ্চতর গণিতে অকৃতকার্য হওয়ার হার বেশি থাকাকে সামগ্রিক ফল খারাপ হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, এ দুই বিষয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় বোর্ডের সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com