আস্ত খাসি না থাকায় বিয়ে না করেই কনের বাড়ি ছাড়লেন জাপানপ্রবাসী বর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের বিশেষ খাবারে আস্ত খাসি না থাকায় ক্ষুব্ধ হয়ে বিয়ে না করেই কনের বাড়ি থেকে চলে গেছেন জাপানপ্রবাসী এক বর।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে। বর জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
কনেপক্ষের ভাষ্য অনুযায়ী, বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কনের বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে জুনায়েদকে বরণ করা হয়। তবে ফুলের আয়োজন নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করে উপস্থিত লোকজনের সামনে বিরূপ মন্তব্য করেন। পরে গেট ও বরণপর্ব শেষ করে তাকে নির্ধারিত স্থানে নেওয়া হয়।
এরপর আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়া শেষে বরপক্ষের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হয়। সেখানে আস্ত খাসি না থাকায় আপত্তি জানান জুনায়েদ। খাসি ছাড়া তিনি খাবেন না এবং খাসির ব্যবস্থা না করা হলে বিয়ের আনুষ্ঠানিকতাতেও অংশ নেবেন না বলে জানিয়ে দেন তিনি।
এ সময় কনের আত্মীয়-স্বজনসহ উপস্থিত ব্যক্তিরা তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন জুনায়েদ। একপর্যায়ে বিয়ে না করেই একা কনের বাড়ি থেকে ফিরে যান তিনি।
কনের বাবা শফিক মিয়া বলেন, ‘আমাকে আগে জানানো হলে খদ্দের খাবারে আস্ত খাসির ব্যবস্থা করতাম। এ বিষয়ে আমাকে আগে কিছুই বলা হয়নি। এরপরও আত্মীয়-স্বজনসহ সবাই ছেলেটিকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু সে কোনোভাবেই রাজি হয়নি।’
স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেন, ঘটনাটি দুঃখজনক। কোনো বাবা-মাই চান না মেয়ের বিয়েতে এমন পরিস্থিতি তৈরি হোক। তাঁর ভাষ্য, ছেলেটির কথাবার্তা কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। খাসির বিষয়টি ওঠার পর তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি খাসি ছাড়া বিয়ে করতে রাজি হননি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com