সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও অন্তত তিন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, ওই কারখানা থেকে ছয়জনকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় জেলেদের ভাষ্য, কারখানার ভেতর থেকে বের হওয়া গ্যাসের গন্ধ এতটাই তীব্র ছিল যে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা কারখানার পাশের খালে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে নৌকা ভেড়াতে হয়েছে তাঁদের।
স্থানীয় এক বাসিন্দা জানান, হঠাৎ কারখানার ভেতর থেকে চিৎকারের শব্দ শুনতে পান তাঁরা। পরে ঘটনাস্থলে গিয়ে কয়েকজন অসুস্থ শ্রমিককে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে দেখেন।
এরপর জাহাজের ভেতরে কয়েকজন শ্রমিকের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফেরদৌস স্টিলের মালিক মো. মহিউদ্দিন মুঠোফোনে জানান, ঘটনার সময় তিনি কারখানার বাইরে ছিলেন। কারখানা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জাহাজের ভেতরে থাকা ছয় থেকে আটজন কর্মী অসতর্কতার কারণে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে চার থেকে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং প্রায় তিনজন আহত হয়েছেন। কারখানায় পৌঁছে তিনি বিস্তারিত জানাবেন বলেও জানান।
ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের স্টেশন অফিসার আল মামুন বলেন, তাঁরা শিপ ইয়ার্ডের ভেতরে থেকে উদ্ধারকাজ পরিচালনা করছেন। উদ্ধার অভিযান চলায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে দুর্ঘটনার খবর পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com