ঠাকুরগাঁওয়ের চিলারং ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন জাগপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে প্রচারণা চালিয়ে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও কৃষি খাতের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।
রোববার (১১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন রাশেদ প্রধান।
বক্তব্যে তিনি বলেন, ঠাকুরগাঁও দীর্ঘদিন ধরে উন্নয়ন ও নাগরিক সুবিধার ক্ষেত্রে অবহেলিত। এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাঁর মতে, দেলাওয়ার হোসেন নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ পাবেন।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে রাশেদ প্রধান বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান ও উন্নয়নের বিষয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে বলে তিনি দাবি করেন। এ সময় তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ সরবরাহ নিয়েও সমালোচনা করেন তিনি।
কৃষকদের সমস্যার কথা তুলে ধরে জাগপা মুখপাত্র অভিযোগ করেন, সার নিয়ে সিন্ডিকেট ও মূল্যবৃদ্ধির কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল হওয়ায় কৃষকদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
দেলাওয়ার হোসেনের পক্ষে ভোট চেয়ে রাশেদ প্রধান বলেন, অবহেলিত মানুষের দুর্ভোগ বুঝতে হলে তাঁদের বাস্তব পরিস্থিতি উপলব্ধি করতে হবে। দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচনের ফলাফল সুরক্ষিত রাখার বিষয়ে তিনি বলেন, ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে সতর্ক থাকতে হবে, যাতে ফলাফল পরিবর্তন বা অনিয়মের সুযোগ না থাকে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রাথমিকভাবে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। পরে বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমীন নির্বাচনে রয়েছেন।
ঘোষিত নির্বাচনী সূচি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন ছেড়ে দেওয়ার পর শূন্য হওয়া এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com