ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:৪৫ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

জাতিসংঘে প্রথম দিনে তারেকের ১০ কর্মসূচি, গুরুত্ব পেয়েছে কূটনীতি-অর্থনীতি

প্রকাশিত : ০৬:৪৫ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজ ডেস্ক :

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১২টি নির্ধারিত কর্মসূচির মধ্যে ১০টিতে সরাসরি অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং উন্নয়ন সহযোগিতার বিষয় গুরুত্ব পেয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এসব তথ্য জানান। তিনি বলেন, প্রথম দিনের কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে আন্তর্জাতিক পরিসরে গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। তার ভাষায়, কর্মসূচিগুলোতে একটি ‘৩৬০ ডিগ্রি কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশল’ প্রতিফলিত হয়েছে।

দিনের শুরুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের জীবনসঙ্গীদের সম্মানে দেওয়া প্রাতঃরাশে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে তিনি ইউএনজিএর উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানও ছিলেন।

আঞ্চলিক ও দ্বিপক্ষীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, হাইতির প্রধানমন্ত্রী এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় আঞ্চলিক সহযোগিতা, পারস্পরিক স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয় উঠে আসে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তারেক রহমানকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান।

রোহিঙ্গা সংকট নিয়েও জাতিসংঘের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পাশাপাশি সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

এ ছাড়া বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও ভবিষ্যৎ অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তেল-গ্যাস ও সরবরাহব্যবস্থার বৈশ্বিক সংকটজনিত অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং তরুণ উদ্যোক্তা ও কর্মসংস্থান কর্মসূচিতে সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

সময়সূচির কারণে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকতে না পারায় মেটার সঙ্গে বৈঠকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারী, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং দুই পক্ষের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। ইউরোপীয় কাউন্সিলের সঙ্গেও নির্ধারিত বৈঠকে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অংশ নিতে পারেননি।

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে জাতিসংঘে তার প্রথম বক্তব্য।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com