ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৭:২৬ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের, প্রতিবাদ চালাবে জামায়াত

প্রকাশিত : ০৭:২৬ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির হাফিজ নাঈমুর রহমান।

আন্তর্জাতিক ডেস্ক :

পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত রাখার জন্য জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির হাফিজ নাঈমুর রহমানকে অনুরোধ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে জ্বালানি কর নিয়ে জামায়াতের সঙ্গে অর্থবহ আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জামায়াতের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদমুখী মার্চ নিয়ে জামায়াতের আমির মুলতানে পৌঁছানোর পর তাকে ফোন করেন শেহবাজ শরিফ। এ সময় তিনি লং মার্চ স্থগিত রাখার অনুরোধ জানান এবং সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন।

জবাবে হাফিজ নাঈম বলেন, সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা সংঘাতের দিকে ঠেলে দেওয়া জামায়াতের উদ্দেশ্য নয়। তবে জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরতেই তারা রাস্তায় নেমেছেন এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সরকারকে সম্মান করতে হবে।

প্রধানমন্ত্রীর অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ শুরার সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান জামায়াতের আমির। তিনি বলেন, সরকারের অনুরোধে মার্চ স্থগিত করা হলেও প্রতিবাদ করার অধিকার জামায়াত ছাড়বে না।

পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে হাফিজ নাঈমের নেতৃত্বে জামায়াতের ট্রেন মার্চ সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে মুলতানে পৌঁছায়। সেখানে রেলস্টেশনে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

হাফিজ নাঈম দাবি করেন, ট্রেনটি চার ঘণ্টা দেরিতে মুলতানে পৌঁছালেও সমর্থকদের উপস্থিতিতে কোনো ঘাটতি হয়নি। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন শহর ও জনপদেও মানুষ তাদের মার্চকে স্বাগত জানিয়েছে বলে দাবি করেন তিনি।

জামায়াতের আমির পেট্রোলিয়াম লেভির মধ্যে থাকা কথিত ‘চাঁদাবাজির কর’ প্রত্যাহার এবং সাধারণ মানুষকে অর্থনৈতিক স্বস্তি দেওয়ার দাবি জানান। তিনি বলেন, দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরতেই তাদের এই আন্দোলন।

গম, আটা ও চিনির দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরে হাফিজ নাঈম অভিযোগ করেন, সাধারণ মানুষের অর্থনৈতিক চাপের বিষয়টি রাজনৈতিক দলগুলো যথাযথভাবে গুরুত্ব দিচ্ছে না। চিনি আমদানি-রপ্তানি এবং সরকারি নীতির বিভিন্ন দিক নিয়েও তিনি সমালোচনা করেন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার করাচি থেকে পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে লং মার্চ শুরু করে জামায়াতে ইসলামী। পরে ট্রেন ও সড়কপথে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলনটি ইসলামাবাদের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। মুলতান থেকে বহরটি লাহোরের দিকে যাওয়ার কথা রয়েছে। এরপর লং মার্চের শেষ ধাপে ইসলামাবাদের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com