ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে পুলিশ কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে।
সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে বক্তব্যের একটি অডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা পুলিশ কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, ছড়িয়ে পড়া অডিও নিয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে রাকিবুল হাসানকে ডিবিতে নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়ার আগে এ ধরনের অনুসন্ধান করা হয়।
তবে অনুসন্ধানটি ডিবি নাকি ডিএমপির কোনো কমিটির অধীনে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ওই কর্মকর্তা। রাত ১২টা পর্যন্ত রাকিবুল হাসান ডিবি কার্যালয়ে ছিলেন বলেও জানান তিনি।
পুলিশ পরিদর্শক রাকিবুল হাসান ঢাকার ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায় তাকে। পুলিশের একাধিক সূত্রের দাবি, প্রাথমিকভাবে অডিওটি রাকিবুল হাসানের বলে তারা নিশ্চিত হয়েছে।
অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া পুলিশে বিভিন্ন পদে পদায়নে অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগও শোনা যায়।
অডিওটি নিয়ে আলোচনা তৈরি হওয়ার পর বুধবার রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়।
অডিওর বক্তব্যের বিষয়ে জানতে রাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com