ফাইল ছবি
ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। দুই পরাশক্তির মুখোমুখি লড়াই মানেই বাড়তি উত্তেজনা, আবেগ আর বিশ্বজুড়ে কোটি সমর্থকের নজর। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে এই দুই দলের সাক্ষাৎ হলে আগ্রহ পৌঁছে যায় ভিন্ন উচ্চতায়।
তবে বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার সর্বশেষ দেখা হয়েছিল ১৯৯০ সালে। ইতালিতে অনুষ্ঠিত সেই আসরের পর কেটে গেছে প্রায় ৩৬ বছর, কিন্তু বিশ্বকাপে আর মুখোমুখি হয়নি দক্ষিণ আমেরিকার দুই জায়ান্ট। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে পারে।
বর্তমান আসরে গ্রুপ পর্বে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। টানা দুই জয়ে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান। শেষ ম্যাচেও ইতিবাচক ফল পেলে নকআউট পর্বে আত্মবিশ্বাস নিয়ে এগোবে আলবিসেলেস্তেরা। সম্ভাব্য হিসাব অনুযায়ী, দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ হতে পারে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল, যেখানে উরুগুয়ে এগিয়ে রয়েছে।
অন্যদিকে, শুরুতে প্রত্যাশামতো খেলতে না পারলেও হাইতির বিপক্ষে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপে শীর্ষস্থানে থাকা সেলেসাওদের শেষ ম্যাচে অন্তত হার এড়ালেই গ্রুপসেরা হিসেবে নকআউটে যাওয়ার সম্ভাবনা জোরালো থাকবে। সে ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জাপান।
টুর্নামেন্টের বর্তমান ড্র অনুসারে, উভয় দল নিজেদের পরবর্তী ধাপগুলো সফলভাবে অতিক্রম করতে পারলে সেমিফাইনালে হতে পারে বহুল প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। ফলে ফুটবলপ্রেমীদের চোখ এখন নকআউট পর্বের সম্ভাব্য সমীকরণের দিকে।
বিশ্বকাপে দুই দলের শেষ সাক্ষাতের স্মৃতি এখনও ফুটবল ইতিহাসের অংশ হয়ে আছে। ১৯৯০ সালের ২৪ জুন ইতালির তুরিনে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। ম্যাচের ৮১তম মিনিটে ডিয়েগো ম্যারাডোনার অসাধারণ পাস থেকে ক্লদিও ক্যানিজিয়া জয়সূচক গোলটি করেন। বিশ্বকাপের নকআউট পর্বে সেটিই এখন পর্যন্ত দুই দলের একমাত্র মুখোমুখি লড়াই।
এবার যদি সেমিফাইনালে তাদের দেখা হয়, তাহলে পুরনো সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা চাইবে নিজেদের শিরোপা স্বপ্ন আরও একধাপ এগিয়ে নিতে। সব মিলিয়ে সমীকরণ মিলে গেলে বিশ্বকাপ পেতে পারে আরেকটি ঐতিহাসিক ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com