সংগৃহীত
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে নয়াদিল্লি বিমানবন্দরে সাময়িকভাবে আটকে রাখার ঘটনাকে ঘিরে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ভারত সরকার।
মঙ্গলবার (২৩ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ডা. জাহেদ উর রহমান গত ১৪ জুন ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা ব্যবহার করে ভারতে প্রবেশের চেষ্টা করেন। তার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরের অভিবাসন বিভাগ তার সফরের উদ্দেশ্য ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের জন্য প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। যাচাই-বাছাই শেষে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
তবে পরবর্তীতে ডা. জাহেদ উর রহমান নিজ সিদ্ধান্তে ঢাকায় ফিরে যাওয়ার পথ বেছে নেন বলে জানান রণধীর জয়সওয়াল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রচলিত ভিসা ও অভিবাসন নীতিমালা অনুসরণ করেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং পরবর্তী সিদ্ধান্ত জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে কিছু ঘটনায় হিন্দু ধর্মীয় প্রতীক অবমাননার অভিযোগ এবং তা ঘিরে প্রতিবাদের খবর তাদের নজরে এসেছে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত উগ্রপন্থী বা চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com