সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে হাজারো বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বাহিনীটির কর্মকর্তারা বলেছেন, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে এবং অবৈধভাবে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়ার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধ করা হচ্ছে।
সোমবার (৮ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজিবির উপ-মহাপরিচালক (মিডিয়া) কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ বলেন, সীমান্তে পুশইনের কিছু বিচ্ছিন্ন চেষ্টা হলেও সেগুলো কার্যকর হতে দেওয়া হয়নি।
তিনি জানান, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
কর্নেল আবুল হাসনাত বলেন, বাংলাদেশে কাউকে অবৈধভাবে প্রবেশ করানোর সুযোগ দেওয়া হবে না। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে দাবি করা হয়, রাজ্য সরকার দায়িত্ব গ্রহণের পর হাজার হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিজিবির কাছে এমন কোনো তথ্য বা প্রমাণ নেই বলে জানান তিনি।
তার ভাষ্য অনুযায়ী, কোনো বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম ও দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। যথাযথ যাচাই-বাছাই ছাড়া সীমান্ত দিয়ে কাউকে ঠেলে দেওয়া আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয়।
বিজিবির এই কর্মকর্তা বলেন, বৈধ প্রত্যাবাসনের জন্য নির্দিষ্ট প্রশাসনিক ও কূটনৈতিক পদ্ধতি রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়া উচিত।
বাংলাদেশি নাগরিকদের বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তালিকা বা তথ্য সরবরাহ করা হয়েছে কি না, সে বিষয়ে বিজিবির কাছে কোনো তথ্য নেই বলেও তিনি উল্লেখ করেন। এ ধরনের বিষয় সংশ্লিষ্ট কূটনৈতিক ও সরকারি পর্যায়ে পরিচালিত হয় বলে জানান তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেও বিজিবি বলছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সীমান্ত সুরক্ষায় তাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com