সংগৃহীত
দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরকে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সরকারের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা অংশ নেবেন।
সফরের শুরুতে পুত্রজায়ায় অবস্থিত পারদানা পুত্রা কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হবে। পরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।
দ্বিপক্ষীয় আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, জ্বালানি, কৃষি, শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে অংশীদারিত্ব এবং দক্ষ জনশক্তি উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন সমসাময়িক ইস্যুতেও মতবিনিময় করবেন দুই নেতা।
সফর উপলক্ষে সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন হবে। পাশাপাশি সন্ত্রাসবাদবিষয়ক গবেষণা এবং বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণ সম্পর্কিত দুটি পৃথক নথি বিনিময়ের আয়োজন রাখা হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সফররত বাংলাদেশি প্রতিনিধিদলের সম্মানে একটি সরকারি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন বলেও জানানো হয়েছে।
দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। ২০২৫ সালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ দশমিক ১৮ বিলিয়ন রিঙ্গিতে পৌঁছেছে, যা প্রায় ২ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।
বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়া থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে জ্বালানি ও পেট্রোলিয়ামভিত্তিক পণ্য। অন্যদিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় রপ্তানির বড় অংশজুড়ে রয়েছে তৈরি পোশাক, টেক্সটাইল সামগ্রী ও পাদুকা।
বর্তমানে মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষিণ এশীয় বাণিজ্য অংশীদার হিসেবে বাংলাদেশের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে শ্রমবাজার, শিক্ষা ও বিনিয়োগের ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা বিস্তৃত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে বিদ্যমান সম্পর্ক আরও সুসংহত হওয়ার পাশাপাশি নতুন বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, মানবসম্পদ উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, এই সফর সেই সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com