জামায়াত-শিবিরের রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন মুহাম্মদ রাশেদ খাঁন।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনৈতিক আদর্শ এবং অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জামায়াত-শিবিরকে তাদের রাজনৈতিক আদর্শের বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান।
রাশেদ খাঁন বলেন, জামায়াত-শিবিরের উচিত সিদ্ধান্ত নিয়ে একজনকে তাদের রাজনৈতিক আদর্শিক পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করা। তার দাবি, জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর চিন্তা ও আদর্শের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
তিনি লেখেন, জিন্নাহ মধ্যপন্থী ও পশ্চিমা ভাবধারার জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন। অন্যদিকে মওদুদীর চিন্তায় ভৌগোলিক জাতীয়তাবাদের চেয়ে ইসলামি আদর্শ বেশি গুরুত্ব পেত। এ কারণে দুজনের আদর্শকে একই সঙ্গে অনুসরণ করা পরস্পরবিরোধী অবস্থান তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, বর্তমান জামায়াত একই সঙ্গে মওদুদী ও জিন্নাহকে আদর্শ হিসেবে তুলে ধরতে চাইছে। এতে দলটি তার মূল আদর্শ থেকে সরে যাচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, জামায়াত কি ইসলামি বা শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চিন্তা থেকে সরে গিয়ে জিন্নাহকে নিজেদের প্রধান আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে—এ বিষয়ে দলটির রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা জরুরি।
রাশেদ খাঁন অভিযোগ করেন, জামায়াতের নেতাকর্মীরা কখনো ইসলামি, আবার কখনো মধ্যপন্থী আদর্শ অনুসরণের চেষ্টা করায় বিভ্রান্তিতে পড়ছেন। তার মতে, এ পরিস্থিতির দায় নেতাকর্মীদের নয়, বরং দলটির নীতিনির্ধারকদের।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার আমান আযমীও একসময় মন্তব্য করেছিলেন—তার বাবার সময়ের জামায়াত এবং বর্তমান জামায়াত এক নয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com