সান দিয়েগোর ইসলামিক সেন্টারে হামলার ঘটনায় অভিযুক্ত ১৭ বছর বয়সী সারাহ লিন্ডসে সান্তিয়াগো
ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টার অব সান দিয়েগোতে প্রাণঘাতী হামলার ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে তিনটি প্রথম মাত্রার হত্যা ও একটি হত্যার ষড়যন্ত্রের অভিযোগ গঠন করা হয়েছে। নর্থ ক্যারোলিনার শিক্ষার্থী সারাহ লিন্ডসে সান্তিয়াগোর বিরুদ্ধে গত সপ্তাহে গ্রেপ্তারের পর গ্র্যান্ড জুরি এসব অভিযোগ গঠন করে।
ডব্লিউবিএএল-টিভির প্রতিবেদনের বরাতে জানা গেছে, প্রসিকিউটরদের অভিযোগ—হামলার আগেই সান্তিয়াগো বন্দুকধারীদের হামলার ঘটনা লাইভস্ট্রিম করা, সেই ভিডিওর রেকর্ডিং জনসমক্ষে ছড়িয়ে দেওয়া এবং হামলাকারীদের ইশতেহার প্রকাশের বিষয়ে সম্মত হয়েছিলেন।
ফোরসিথ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জিম ওনিল বলেন, সান্তিয়াগো সেই তিনজনের একজন, যারা হামলাকারীদের লাইভস্ট্রিম দেখেছিলেন। পরে তিনি হামলার ফুটেজ ও বন্দুকধারীদের লেখা প্রচারে যুক্ত হন বলেও অভিযোগ করা হয়েছে।
গত ১৮ মে ইসলামিক সেন্টারে চালানো ওই হামলায় তিনজন নিহত হন। হামলার সঙ্গে জড়িত ১৭ বছর বয়সী কেইন ক্লার্ক ও ১৮ বছর বয়সী ক্যালেব ভাস্কেজকে পরে মসজিদের কাছেই একটি গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়।
কর্তৃপক্ষের ভাষ্য, হামলাকারীদের লক্ষ্য ছিল যত বেশি সম্ভব মানুষকে হত্যা করা এবং নিজেদের মতাদর্শ ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া।
হামলার সময় সান্তিয়াগোর বয়স ১৭ বছর হওয়ায় তিনি প্রাথমিকভাবে কিশোর বিচার ব্যবস্থার আওতায় তুলনামূলক কম মেয়াদের সাজা পেতে পারতেন। তবে অভিযোগের গুরুতরতা এবং তার স্কুলে ফিরে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রসিকিউটররা উদ্বেগ প্রকাশ করেন।
প্রসিকিউটররা ‘সহায়তা ও প্ররোচনা’ তত্ত্বের ভিত্তিতে মামলাটি পরিচালনা করছেন। এই আইনি কাঠামো অনুযায়ী, কোনো ব্যক্তি সরাসরি ট্রিগার না টানলেও জেনেশুনে হত্যার মতো অপরাধে সহায়তা করলে তাকে ওই অপরাধের জন্য দায়ী করা যেতে পারে। নর্থ ক্যারোলিনার আইনেও সরাসরি অপরাধমূলক কাজ না করেও নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো ব্যক্তিকে অপরাধের জন্য দায়ী করার সুযোগ রয়েছে।
এফবিআই, সান দিয়েগো ও নর্থ ক্যারোলিনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক মাসের তদন্তের পর সান্তিয়াগোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তদন্তকারীরা হামলার সঙ্গে তার যোগাযোগ ও অন্যান্য কর্মকাণ্ড পর্যালোচনা করার পর তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com