ঢাকা, ০৯ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:৩০ এএম, ০৮ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ১০:৩০ এএম, ০৮ অক্টোবর ২০২৬

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক।

নিউজ ডেস্ক :

রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই প্রায় তিন বছর পর নয়াদিল্লিতে বসেছে বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজিটি) বৈঠক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) শুরু হওয়া দুই দিনের বৈঠকটি শুক্রবার শেষ হওয়ার কথা রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিচ্ছে।

এর আগে ১৫তম জেডব্লিউজিটি বৈঠক ২০২৩ সালের ২৬ ও ২৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বন্দর ব্যবহারের বিধিনিষেধ প্রত্যাহার, পণ্য সরবরাহ, মান নির্ধারণ ও পারস্পরিক স্বীকৃতি, সড়ক ও রেল যোগাযোগ এবং প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) নিয়ে আলোচনা হয়েছিল।

এবারের বৈঠকে বাংলাদেশের পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে আসতে পারে। গত সেপ্টেম্বরে ভারত বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা জুট ইয়ার্ন বা টুইন, হেসিয়ান ফ্যাব্রিক ও জুট স্যাকিং ব্যাগের ওপর বিদ্যমান শুল্ক কাঠামো পুনর্নির্ধারণ করেছে।

এ ছাড়া বাংলাদেশে ভারতীয় সুতা আমদানির বিধিনিষেধ নিয়েও আলোচনা হতে পারে। উভয় দেশই নিজেদের ব্যবসায়ীদের স্বার্থে বাজারসুবিধা বাড়ানো এবং বাণিজ্য প্রতিবন্ধকতা কমানোর বিষয়টি বৈঠকে তুলতে পারে।

বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর সুযোগ সম্প্রসারণ, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন সহজ করার বিষয়েও বাংলাদেশ গুরুত্ব দিতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে প্রায় ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে প্রায় ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি প্রায় ৯২১ কোটি ডলার।

চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা, তুলাসহ বিভিন্ন পণ্য ভারত থেকে আমদানি করেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি ৩৩৫ দশমিক ২ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৬৭ শতাংশ বেশি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের সুযোগ বাড়ানো, স্থলবন্দরগুলোর অবকাঠামো ও সক্ষমতা উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়েও আলোচনা হতে পারে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com