বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইলন মাস্ক।
বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেকের একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পুনঃপ্রকাশ করে ইলন মাস্ক লেখেন, ‘Starlink connecting Bangladesh!’।
নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের আরেক পোস্টে তিনি লেখেন, ‘Starlink Mobile now available in Bangladesh!’
স্টেফানি বেডনারেক জানান, স্টারলিংক মোবাইলের মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষ অতিরিক্ত সংযোগ সুবিধা পাবেন। বিশেষ করে যেসব এলাকায় প্রচলিত মোবাইল নেটওয়ার্কের কাভারেজ নেই, সেসব এলাকায় যোগাযোগের সুযোগ তৈরি করবে এই প্রযুক্তি।
তিনি বলেন, সেলুলার নেটওয়ার্কের বাইরে থাকা এলাকাগুলোতে স্টারলিংকের প্রযুক্তি অতিরিক্ত সংযোগ সুবিধা দেবে। এর ফলে উপকূলীয় এলাকার বাসিন্দা, প্রত্যন্ত অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান, পরিবার ও ভ্রমণকারীরা প্রচলিত নেটওয়ার্কের বাইরে থেকেও যোগাযোগের সুযোগ পাবেন।
স্টারলিংক জানিয়েছে, মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশে তাদের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হয়েছে। এর আওতায় সেলুলার নেটওয়ার্কের বাইরে থেকেও সামঞ্জস্যপূর্ণ ডিভাইস ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপে বার্তা পাঠানো, অবস্থান শেয়ারসহ যোগাযোগের সুবিধা পাবেন।
সম্প্রতি বাংলালিংক স্টারলিংকচালিত এই সেবা চালু করেছে। প্রতিষ্ঠানটির দাবি, দক্ষিণ এশিয়ায় এ ধরনের সেবা চালুর ক্ষেত্রে এটি প্রথম উদ্যোগ।
জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হলে যোগাযোগ সচল রাখাই এই সেবার অন্যতম লক্ষ্য। বিশেষ করে জেলে, সমুদ্রে কর্মরত ব্যক্তি, ভ্রমণকারী এবং প্রত্যন্ত ও উপকূলীয় এলাকার বাসিন্দারা এতে উপকৃত হতে পারেন।
বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের গভীর সমুদ্র এলাকাতেও এই প্রযুক্তি কাজে লাগার সম্ভাবনা রয়েছে। সামঞ্জস্যপূর্ণ ৪জি ফোন ও বাংলালিংকের সিম থাকলে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থেকেও ব্যবহারকারীরা নির্দিষ্ট অ্যাপ ও লোকেশনভিত্তিক সেবা ব্যবহারের সুযোগ পাবেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com