নিখোঁজ দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পর তাদের সঙ্গে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক।
খুলনার তেরখাদা থেকে নিখোঁজ দুই ভাই রায়হান (১২) ও রাফিকে ঢাকার আগারগাঁও থেকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।
গত ১২ আগস্ট নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু দুটি। এরপর সন্তানদের সন্ধান না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল তাদের পরিবার।
পরে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে শিশু দুটির সন্ধান পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম শিপন। তিনি বিষয়টি ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিককে জানান।
খবর পেয়ে তরিকুল ইসলাম তেরখাদা থানার সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে সমন্বয় করে তাদের বাবার কাছে নিরাপদে হস্তান্তরের ব্যবস্থা করেন।
শিশু দুটির সঙ্গে কথা বলে জানা যায়, বাড়িতে অতিরিক্ত বকাঝকা ও গালাগালির কারণে অভিমান করে তারা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। পরে শিশুদের বাবা-মা বুলু মিয়া ও নিরুপা বেগমের সঙ্গে কথা বলেন তারিক। সন্তানদের প্রতি আরও সহনশীল ও বন্ধুত্বপূর্ণ আচরণ করার জন্য তিনি তাদের পরামর্শ দেন।
শিশু দুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পর তাদের বাবাকে সঙ্গে নিয়ে দুপুরের খাবার খান তরিকুল ইসলাম। একই সঙ্গে পরিবারটির নিরাপদে খুলনায় ফেরার যাতায়াত খরচও তিনি বহন করেন।
তরিকুল ইসলাম তারিক বলেন, বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। শিশু দুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে তিনি স্বস্তি ও আনন্দিত। একই সঙ্গে সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com