সংগৃহীত
রাজধানীর পূর্বাচল নতুন শহর এলাকায় আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পরিসরের অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনার আওতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জন্য একাধিক থানা, তদন্তকেন্দ্র ও পুলিশ বক্স স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) পূর্বাচল নতুন শহর প্রকল্পের বরকাউ এলাকায় নবনির্মিত পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী ডিএমপির অধীনে পূর্বাচলে ৪টি থানা, ৬টি তদন্তকেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপন করা হবে। এসব স্থাপনা বাস্তবায়নের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
আইজিপি আরও বলেন, পুলিশের অবকাঠামো নির্মাণের জন্য মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
তিনি জানান, ভবিষ্যতে পূর্বাচল এলাকাকে আনুষ্ঠানিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক একটি বিভাগ গঠন এবং সেখানে প্রায় ৬ হাজার ৫২৪ জন পুলিশ সদস্যের পদ সৃষ্টির বিষয়ও বিবেচনায় রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com