সংগৃহীত
দেশে প্রথমবারের মতো মালয়েশিয়া থেকে পাচার হয়ে আসা নতুন ধরনের মাদক এমডিএমবি (MDMB) শনাক্ত ও জব্দ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ উপস্থিত ছিলেন।
ডিএনসি সূত্র জানায়, মালয়েশিয়া থেকে দেশে প্রবেশ করা এমডিএমবি মাদকের চালান জব্দ এবং এ চক্রের মূলহোতাসহ সংশ্লিষ্ট সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।
মাদকবিরোধী কার্যক্রমে অসামান্য অবদানের জন্য অনুষ্ঠানে মোট চারটি বিভাগে ডিএনসির বিভিন্ন কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়।
‘সাহসিকতা’ বিভাগে পুরস্কার পান ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের পরিদর্শক সিদ্দিকুর রহমান। রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযানের সময় সন্ত্রাসী হামলায় আহত হওয়ার পরও দায়িত্ব পালন অব্যাহত রাখার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
অন্যদিকে, সফল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে কৃতিত্বের জন্য ডেমরা সার্কেলের পরিদর্শক ফজলুল হক খান এবং মানি লন্ডারিং সংক্রান্ত মামলা দায়ের ও তদন্তে উল্লেখযোগ্য অবদানের জন্য ডিএনসির অতিরিক্ত পরিচালক আলী আসলামকেও সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর উত্তরায় পরিচালিত একটি বিশেষ অভিযানেরও প্রশংসা করেন। উপপরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের একটি অত্যাধুনিক ল্যাবরেটরির সন্ধান পাওয়া যায়। অভিযানে ৬ দশমিক ৩ কেজি কিটামিন জব্দ করা হয় এবং তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া তদন্তে ডার্ক ওয়েবভিত্তিক মাদক বাণিজ্য পরিচালনাকারী একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করতে সক্ষম হয় ডিএনসি, যা ভবিষ্যতের মাদকবিরোধী অভিযানে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com