সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর।
কারাগারে অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন সেলে রাখা এবং রিমান্ডে নির্যাতনের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। কারাগারের পরিবেশ ও কারারক্ষীদের আচরণ নিয়েও অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তানভীর।
তিনি বলেন, গত ২ আগস্ট সাইবার সুরক্ষা আইনে তার বিরুদ্ধে মামলা হয় এবং ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়া কারাগারের একটি ‘চরম অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন’ সেলে রাখা হয়। ওই সেলে বিদ্যুৎ ও ফ্যানের ব্যবস্থাও ছিল না বলে দাবি করেন তিনি।
কারাগারের খাবারের মান নিয়েও অভিযোগ করেন তানভীর। তার দাবি, ৫ আগস্ট তাকে দুই দিন আগের পচা খাবার দেওয়া হয়। নিয়মিত বাসি ও পচা খাবার খাওয়ানোর কারণে একপর্যায়ে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে তাকে চিকিৎসার জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।
পরে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার পরও একই ধরনের পরিবেশের মুখোমুখি হওয়ার দাবি করেন তানভীর। চিকিৎসার জন্য তাকে পিজি হাসপাতালে নেওয়া হয়েছিল বলেও জানান তিনি। তবে সেখান থেকে কারাগারে ফেরার পথে সাদা পোশাকে কয়েকজন গাড়িতে উঠে তাকে নির্যাতন করেন বলে অভিযোগ করেন তানভীর।
কারারক্ষীদের বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি। তানভীরের দাবি, কারারক্ষীদের বেশিরভাগই সিরাজগঞ্জের শাহজাদপুরের এবং তারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। তারা তাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ করতেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া কারাগারের আশপাশের কয়েকজন কয়েদি আওয়ামী লীগের মামলার আসামি ছিলেন এবং তারাও তাকে বিভিন্নভাবে অপমান করতেন বলে দাবি করেন তানভীর।
সংবাদ সম্মেলনে নিজের গ্রেপ্তার, কারাগারে অবস্থান এবং চিকিৎসার সময়কার বিভিন্ন ঘটনার বর্ণনা দেন এনসিপির এই নেতা। তবে তার এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com