চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের ঘিওরে শ্বশুরবাড়ি থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির অভিযোগে মো. সামিউল (৪০) নামে এক ঘরজামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহীর বোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘিওর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাটাইকোনা এলাকায় ব্যবসায়ী আকবর আলী খানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চিকিৎসার জন্য আকবর আলী ও তার স্ত্রী ঢাকায় অবস্থান করায় ওই সময় বাড়িতে কেউ ছিলেন না।
পরে তারা বাড়িতে ফিরে দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা, ট্রাংক ও লকারের তালা ভাঙা দেখতে পান। এ সময় তার স্ত্রীর স্বর্ণালংকার, চেকবই ও এটিএম কার্ড খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন। চুরি যাওয়া মালামালের মধ্যে চেইন, কানের দুল, বালা, সিতাহার, আংটি ও ব্রেসলেটসহ বিভিন্ন স্বর্ণালংকার ছিল।
এ ঘটনায় ৮ সেপ্টেম্বর আকবর আলী খান ঘিওর থানায় মামলা করেন।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় সামিউলের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল রাজশাহীতে অভিযান চালিয়ে বোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানে তার কাছ থেকে প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব স্বর্ণালংকারের বর্তমান বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সামিউল নওগাঁর নিয়ামতপুর উপজেলার জোনাকী এলাকার মৃত আজিজুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর জানান, উদ্ধার করা স্বর্ণালংকার মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com