খুলনায় মেসে মারধরের পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু। ছবি: সংগৃহীত
খুলনায় মেসে খাবারের বিষয়টি আগে না জানিয়ে ভাত খাওয়াকে কেন্দ্র করে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মো. আজমল হোসেন (২২) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার পর বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে রাতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। বর্তমানে আজমলের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আজমলের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় সলুয়া গ্রামে। তার বাবার নাম মো. কুতুব উদ্দিন।
স্বজনদের ভাষ্য, গত শুক্রবার রাতে খুলনার ইসলাম নগর এলাকার একটি মেসে ছিলেন আজমল। ওই মেসে খাবার খেতে হলে নির্দিষ্ট সময় আগে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জানাতে হতো। অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে আজমল বিষয়টি না জানিয়েই অন্য একজনের জন্য রাখা ভাত খেয়ে ফেলেন।
এ নিয়ে মেসের অন্য সদস্যদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে তাকে পাঁচতলা ভবনের ছাদে নিয়ে মারধর করা হয় এবং মাথার চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ। একপর্যায়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন আজমল। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজমলের বাবা জানান, রাত ৯টার দিকে মেস থেকে তার ছেলে ফোন করে জানায়, কাউকে না জানিয়ে ভাত খাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগও তোলা হয়েছে। পরে মেসের কয়েকজনের সঙ্গে ফোনে কথা বলিয়ে দিলে তারা তার কাছে ১ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে তিনি তাদের শান্ত করার চেষ্টা করেন।
মেসের রান্নার দায়িত্বে থাকা এক নারী জানান, তিনি রান্না করে মেসের সদস্যদের খাবার দিয়ে আসতেন। ঘটনার দিন আজমল কাউকে না জানিয়েই খাবার খেয়েছিলেন। পরে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন বলে জানান ওই নারী।
কেন তাকে মারধর করা হয়েছিল—এ বিষয়ে ওই নারী বলেন, ভাত চুরি, টাকা চুরি, মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগে আজমলকে মারধর করা হয়েছে বলে তিনি শুনেছেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থলে তদন্ত করে মারধরের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ছাদে মারধরের কাজে ব্যবহৃত একটি লাঠিও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আজমলের বাবার কাছে ফোন করে টাকা দাবি করার অভিযোগের বিষয়টিও তদন্ত করা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট ফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) চাওয়া হয়েছে। পুরো ঘটনা তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এদিকে আজমলের মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com