সংগৃহীত
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান দখল হয়ে গেছে এবং এ অবস্থার জন্য তিনি বিএনপিকে দায়ী করেছেন।
রোববার (১৭ মে) রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, ব্যাংকিং খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রভাবশালীদের নিয়ন্ত্রণে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকও ‘মাফিয়া কায়দায়’ দখল করা হয়েছে বলে দাবি করেন তিনি। একইভাবে বিসিবি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও একই চিত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি এখন আর আগের অবস্থানে নেই। দলটি চাঁদাবাজ ও টেন্ডারবাজদের দলে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, বিএনপির অনেক নেতাকর্মীও বর্তমান অবস্থায় হতাশ এবং তারা নিজেরাই বলেন—এটি সেই বিএনপি নয়, যার জন্য তারা আন্দোলন-সংগ্রাম করেছেন।
তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে যে কেউ তার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে। অতীতে একটি নির্দিষ্ট পরিবারকেন্দ্রিক রাজনীতির বাইরে এই সুযোগ ছিল না।”
দেশের বিভিন্ন খাতে সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে শুধু সরকার পরিবর্তন নয়, পুরো সিস্টেমে পরিবর্তন আনতে হবে। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও সেবা খাতে সমতা নিশ্চিত করতে হবে।
তিন দিনব্যাপী কুমিল্লা পদযাত্রার অংশ হিসেবে প্রথম দিনে তিনি মেঘনা, হোমনা ও চান্দিনা উপজেলায় পৃথক কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ব্যবসায়ী নিজামুল আহসান পাপন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং উপজেলা সমন্বয়ক আবুল কাশেম অভি।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য সৌরভ জামিল, জেলার যুগ্ম সমন্বয়ক মো. টিটু ও মো. খালিদসহ দলীয় নেতাকর্মীরা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com