ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০২:৫৯ এএম, ১০ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

বাংলাদেশি কৃষককে বিএসএফের গুলি, ভারতীয় নাগরিককে ধরে আনলো গ্রামবাসী

প্রকাশিত : ০২:৫৯ এএম, ১০ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।

ডিজিটাল রিপোর্ট :

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর ক্ষুব্ধ সীমান্তবর্তী বাংলাদেশি কৃষকরা এক ভারতীয় নাগরিককে ধরে বিজিবির কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে ওই ব্যক্তি বিজিবির হেফাজতে রয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম সাহাজুল ইসলাম (৩২)। তিনি জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাহাজুল ইসলাম মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যান। এ সময় নদীর সীমান্তবর্তী এলাকায় এক ভারতীয় নাগরিকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এর জের ধরে বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন বলে অভিযোগ উঠেছে। এতে তাঁর পা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি ও স্প্লিন্টার বিদ্ধ হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, নদীতে একটি তুচ্ছ বিষয় নিয়ে বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি চালান। এতে সাহাজুল আহত হওয়ার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার প্রতিবাদে সীমান্তের ফসলের মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকরা এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসেন। পরে তাঁকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, বিএসএফের গুলিবর্ষণের ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা নেয় বিজিবি। সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে প্রতিবাদ জানান।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও জানান, গুলিবর্ষণের ঘটনা ও আটক ভারতীয় নাগরিকের বিষয়ে সীমান্ত প্রোটোকল এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে আছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com