নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক ঘিরে কূটনৈতিক আলোচনা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দ্বিপক্ষীয় বৈঠককে ঘিরে কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকটি সামনে আসার মধ্যে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো বৈঠক হবে কি না।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে তার কাছে বর্তমানে কোনো তথ্য নেই। একই ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী এবং বিদ্যমান কাঠামোর মাধ্যমে দুই দেশের সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত।
এদিকে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখে জয়সওয়াল সরাসরি কোনো সময়সূচি বা নতুন তথ্য জানাননি। তিনি বলেন, এ বিষয়ে বলার মতো তথ্য থাকলে সাংবাদিকদের জানানো হবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ২৪ সেপ্টেম্বরের কর্মসূচিতে শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক নির্ধারিত রয়েছে। বৈঠকটি জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হওয়ার কথা।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের বক্তব্য দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com