শরতের শুরুতেই ঘন কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়ের সড়ক
শরতের শুরুতেই উত্তরের জেলা পঞ্চগড়ে দেখা দিয়েছে ঘন কুয়াশা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা কুয়াশায় ঢেকে যায়। এতে কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘন কুয়াশার কারণে সড়কে যান চলাচলেও সতর্কতা দেখা গেছে। অনেক চালককে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে গাড়ি চালাতে দেখা যায়। পরে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা কান্তমনি এলাকার বাসিন্দা আইবুল ইসলাম বলেন, সকালে ঘুম থেকে উঠে তিনি বাড়ির চারপাশ কুয়াশায় আচ্ছন্ন দেখতে পান। কয়েক হাত দূরের কোনো কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এর আগে এমন ঘন কুয়াশা দেখেননি বলেও জানান তিনি।
জেলা শহরের ইজিবাইকচালক আজিজুল ইসলাম বলেন, সকালে গাড়ি নিয়ে বের হওয়ার পর কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েও সামনের রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছিল না। তাই তাকে ধীরে গাড়ি চালাতে হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় সেখানে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের এই কর্মকর্তা বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পরিবর্তনের প্রভাবে আবহাওয়ায় এমন বৈচিত্র্য দেখা যাচ্ছে। এর সঙ্গে আকাশে দীর্ঘ সময় মেঘের উপস্থিতি এবং হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়াও কুয়াশা তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখছে।
স্থানীয়দের ভাষ্য, সকালে ঘন কুয়াশায় কিছুটা শীতের আবহ তৈরি হলেও দিনের বেলা সূর্যের দেখা মিললে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com