উইন্ডোজ এক্সপির সেই ‘ব্লিস’ ছবি, যা দেখেছে বিশ্বের কোটি কোটি মানুষ
সবুজে মোড়া ঢেউ খেলানো পাহাড়ি ঘাস, ওপরে নীল আকাশ আর তার বুকে ভেসে থাকা সাদা মেঘ—দৃশ্যটি অনেকের কাছেই পরিচিত। বিশেষ করে যারা একসময় Windows XP ব্যবহার করেছেন, তাদের কাছে এটি জড়িয়ে আছে পুরোনো দিনের স্মৃতির সঙ্গে। কারণ, ‘Bliss’ নামের এই ছবিটিই ছিল উইন্ডোজ এক্সপির ডিফল্ট ওয়ালপেপার। আর বিশ্বের সবচেয়ে বেশি দেখা ছবিগুলোর একটি হিসেবেও এটিকে ধরা হয়।
ছবিটি ১৯৯৬ সালে তুলেছিলেন মার্কিন ফটোগ্রাফার চার্লস ও’রিয়ার। ক্যালিফোর্নিয়ার ন্যাপা ও সোনোমা এলাকার মধ্য দিয়ে গাড়িতে যাওয়ার সময় মনোরম দৃশ্যটি তাঁর নজরে পড়ে। কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই তিনি ক্যামেরায় বন্দি করেন সেই মুহূর্ত।
চার্লস ছবিটি তুলেছিলেন Mamiya RZ67 ফিল্ম ক্যামেরায়। ছবিটিতে কোনো ফটোশপ বা ডিজিটাল সম্পাদনা করা হয়নি বলে জানা যায়।
পরে ছবিটি তিনি স্টক ফটো এজেন্সি ওয়েস্টলাইটের কাছে জমা দেন। ১৯৯৮ সালে ছবিটি মাইক্রোসফটের নজরে আসে। এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ছবিটির স্বত্ব কিনে নেওয়া হয়। বিভিন্ন সূত্রে এর দাম প্রায় ১ লাখ মার্কিন ডলার বলা হলেও প্রকৃত লেনদেনের পরিমাণ চার্লস ও মাইক্রোসফট কখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
Windows XP বাজারে আসার পর ‘Bliss’ ওয়ালপেপারটি বিশ্বের অসংখ্য কম্পিউটারে ডিফল্ট হিসেবে ব্যবহৃত হয়। ফলে অল্প সময়ের মধ্যেই ছবিটি বিশ্বজুড়ে পরিচিতি পেয়ে যায়। এর মাধ্যমে ফটোগ্রাফার হিসেবেও চার্লস ও’রিয়ারের খ্যাতি আরও ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন।
Windows XP-তে ‘Bliss’-এর পাশাপাশি আরও একটি ছবি ওয়ালপেপার হিসেবে ব্যবহৃত হতো। ছবিটির নাম ‘Autumn’। এটি তুলেছিলেন ফটোগ্রাফার পিটার বুরিয়ান।
একটি ফটোগ্রাফি ম্যাগাজিনের জন্য লেন্স পরীক্ষা করার সময় ছবিটি তোলেন পিটার। পরে তিনি ছবিটি মাইক্রোসফটের মালিকানাধীন ছবি কেনাবেচার প্ল্যাটফর্ম Corbis-এ জমা দেন। মাইক্রোসফট মাত্র ৩০০ মার্কিন ডলারে ছবিটি কিনে নেয়।
তখন পিটার জানতেন না, কী উদ্দেশ্যে ছবিটি কেনা হচ্ছে। পরে জানতে পারেন, তাঁর তোলা ছবিটি বিশ্বের লাখো কম্পিউটারে Windows XP-এর ডিফল্ট ওয়ালপেপার হিসেবে ব্যবহৃত হবে। বিষয়টি জানার পর তিনি বিস্মিত হন।
এত কম দামে ছবিটি বিক্রি করায় পিটারের কিছুটা আফসোসও হয়েছিল। কারণ, সাধারণভাবে তোলা একটি ছবি যে একদিন কোটি কোটি মানুষের চোখে পড়বে, তা তিনি তখন কল্পনাও করেননি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com