খুলনার ফুলবাড়ীগেটে ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে
খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে নগরীর ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়িবহরের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লংমার্চকে স্বাগত জানাতে জড়ো হওয়া নারী-পুরুষ ছোটাছুটি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়িবহর খুলনার শিববাড়ী থেকে ফুলতলার দিকে যাওয়ার পথে ফুলবাড়ীগেট এলাকায় পৌঁছানোর আগেই হেলমেট পরা কয়েক ব্যক্তি পরপর চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণের পরপরই তাঁরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান। এতে সেখানে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। নিরাপদ আশ্রয়ের সন্ধানে অনেকে দিকবিদিক ছুটতে থাকেন।
এর আগে ফুলবাড়ীগেট এলাকায় লংমার্চকে স্বাগত জানিয়ে নির্মিত একটি তোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই এলাকায় পরপর এসব ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে ককটেল নিক্ষেপের ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খানজাহান আলী থানা শাখার সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ ককটেল বিস্ফোরণের ঘটনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার পরপরই খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে এ ঘটনায় জড়িত বলে সন্দেহ করা ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com