এনসিপি নেতা সারজিস আলম
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র প্রকাশ করায় বিএনপি সরকারকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। তাঁর মতে, ফলাফলে কৃত্রিমতা বা লোকদেখানো প্রবণতা না রেখে বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় একটি পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আগের বছরগুলোর মতো ফলাফলে কৃত্রিমতা না দেখিয়ে এবার শিক্ষার বাস্তব চিত্র প্রকাশ করা হয়েছে। এ বছর গত ১০ বছরের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম। পাশাপাশি পাসের হারও উল্লেখযোগ্যভাবে কমে প্রায় ৫২ শতাংশে দাঁড়িয়েছে। তাঁর মতে, এই ফলাফল দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত অবস্থার প্রতিফলন ঘটিয়েছে।
এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুত পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার উদ্যোগকেও স্বাগত জানান তিনি। সারজিস বলেন, প্রায় তিন লাখ শিক্ষার্থী এক বিষয়ে এবং সাড়ে চার লাখের মতো শিক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে। এসব শিক্ষার্থীর একটি বছর যেন নষ্ট না হয়, সে জন্য অল্প সময়ের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ ইতিবাচক।
শিক্ষার্থীদের পড়াশোনার মান কমে যাওয়ার কারণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তি, মাদকের বিস্তার এবং পড়াশোনা থেকে দূরে সরে যাওয়ার বিষয়গুলো তুলে ধরেন এনসিপির এই নেতা।
তিনি বলেন, শিক্ষার বর্তমান পরিস্থিতির দায় শুধু শিক্ষার্থীদের নয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com