নেটওয়ার্ক সমস্যাকে কেন্দ্র করে টেকনিশিয়ানকে মোবাইল টাওয়ারে বেঁধে রাখার অভিযোগ।
ভারতের উত্তরপ্রদেশের ফতেপুরে মোবাইল নেটওয়ার্কের দুরবস্থাকে কেন্দ্র করে একটি টেলিকম প্রতিষ্ঠানের টেকনিশিয়ানকে মোবাইল টাওয়ারের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারদৌলি গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের সমস্যায় ভুগছেন। গ্রামে মোবাইল টাওয়ার থাকা সত্ত্বেও ঠিকমতো ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না তারা। এমনকি ৫জি সেবার জন্য প্রিপেইড রিচার্জ করেও কাঙ্ক্ষিত পরিষেবা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা।
তাদের অভিযোগ, নেটওয়ার্ক সমস্যার বিষয়ে টেলিকম প্রতিষ্ঠানে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো সমাধান হয়নি। এরই মধ্যে গ্রামে আসা এক টেকনিশিয়ানকে ধরে টাওয়ারের সঙ্গে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। নেটওয়ার্ক সমস্যা সমাধানে টেলিকম প্রতিষ্ঠানের কর্মকর্তারা গ্রামে না আসা পর্যন্ত ওই কর্মীকে ছাড়া হবে না বলেও গ্রামবাসীরা দাবি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টেকনিশিয়ানকে উদ্ধার করে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শৈলেশ সিং জানান, মোবাইল নেটওয়ার্কের সমস্যা নিয়ে এলাকায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই ক্ষোভ থেকেই টাওয়ারের কর্মীকে বেঁধে রাখার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, টেকনিশিয়ানকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com