সংগৃহীত
স্থানীয় সরকার পর্যায়ের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামী আগস্ট মাসে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ভোটগ্রহণ শুরু হতে পারে আগামী অক্টোবর থেকে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচনী আচরণবিধিতে কিছু পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে ইসির আইন ও বিধি সংশোধন সংস্কার কমিটির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন সম্পন্ন হওয়ার আগে আইনগতভাবে উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। সে কারণে স্থানীয় সরকার নির্বাচনের ধারাবাহিকতায় প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা সম্ভব হলেও জেলা পরিষদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের শেষ ধাপে অনুষ্ঠিত হবে।
ইসি সূত্রে আরও জানা যায়, স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচনের জন্য পৃথক আচরণবিধি রয়েছে। এসব বিধিতে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে প্রার্থীদের জামানতের পরিমাণ বৃদ্ধি, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ বাতিল, স্বতন্ত্র প্রার্থীর জন্য এক শতাংশ ভোটারের সমর্থনের শর্ত প্রত্যাহার, নির্বাচনী পোস্টার নিষিদ্ধকরণ, ইভিএম ব্যবহার না করা এবং পোস্টাল ব্যালটের ব্যবস্থা না রাখা।
এছাড়া প্রার্থীদের হলফনামার সঙ্গে একটি ঘোষণাপত্র সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রার্থীদের অঙ্গীকার অন্তর্ভুক্ত থাকবে।
স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, এসব নির্বাচন নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে। আইনি যোগ্যতা থাকা যে কোনো ব্যক্তি প্রার্থী হতে পারবেন। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে নির্বাচন থেকে বিরত রাখার কোনো বিধান প্রস্তাবিত আচরণবিধিতে রাখা হচ্ছে না।
নির্বাচনের আগে রাজনৈতিক দল, গণমাধ্যম ও অন্যান্য অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। তবে আচরণবিধি ও আইনে যেসব পরিবর্তন আনা হবে, সেগুলো কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করে সবার মতামতের জন্য উন্মুক্ত রাখা হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com