ঢাকা, ২০ মে, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:০৫ এএম, ১৯ মে ২০২৬
Digital Solutions Ltd

দুর্নীতিমুক্ত ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৬:০৫ এএম, ১৯ মে ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণকে সেবা দেওয়া সরকারের দায়িত্ব, কোনো করুণা নয়।

মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও গতিশীল করবে।”

তিনি বলেন, সময়ের সঙ্গে জমির মালিকানা ও শরিকানা বেড়েছে। ফলে জমি-সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ এবং ব্যবস্থাপনার দায়িত্বও আগের তুলনায় অনেক বেশি জটিল হয়ে উঠেছে।

তারেক রহমান বলেন, “খতিয়ান, দাগ, নামজারি, জমা-খারিজ, খাজনা বা পর্চার মতো বিষয়গুলো জমির মালিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির উন্নয়নের ফলে এখন ভূমি ব্যবস্থাপনাও আধুনিক হয়েছে এবং অনলাইনভিত্তিক সেবার মাধ্যমে জনগণের ভোগান্তি কমছে।”

তিনি জানান, ভূমি প্রশাসনের অধিকাংশ সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে, যাতে মানুষকে অযথা অফিসে ঘুরতে না হয় এবং দুর্নীতি ও হয়রানি কমে আসে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জমির অর্থনৈতিক মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে বিরোধ, মামলা ও জটিলতাও বেড়েছে। এসব বিরোধ ব্যক্তি, পরিবার ও জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই নির্ভুল রেকর্ড সংরক্ষণ ও পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।

তিনি বলেন, “উন্নত প্রযুক্তির মাধ্যমে জরিপ কার্যক্রম পরিচালনা করে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুতের কাজ চলছে। একই সঙ্গে ভূমি অফিসে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেও সরকার কাজ করছে।”

তারেক রহমান বলেন, সরকার জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। সারা দেশে ভূমিসেবা মেলার আয়োজন সেই প্রতিশ্রুতিরই অংশ।

তিনি জানান, বর্তমানে দেশের আদালতগুলোতে প্রায় ৪৭ লাখ মামলা বিচারাধীন রয়েছে, যার বড় অংশই জমিসংক্রান্ত। এ কারণে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা (এডিআর), গ্রাম আদালত ও সালিসের মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, “জমি শুধু সম্পদ নয়, মানুষের নিরাপত্তা, জীবিকা ও ভবিষ্যতের ভিত্তি। তাই ভূমি ব্যবস্থাপনাকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে।”

তিনি আরও জানান, ভূমিসেবা মেলায় ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান গ্রহণ, রেকর্ড সংশোধন এবং ভূমি-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com