ছবি: সংগৃহীত
রংপুরে যাওয়ার পথে সৈয়দপুর বিজ্ঞান কলেজের সামনে গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি অটোগ্রাফ দেন তিনি। পরে কলেজের শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যার কথাও শোনেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে রংপুর যাওয়ার সময় এ ঘটনা ঘটে। রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথেই কলেজটির সামনে থামেন প্রধানমন্ত্রী।
সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের ভাষ্য অনুযায়ী, কলেজের ফটকের সামনে শিক্ষার্থীদের দেখতে পেয়ে গাড়ি থামান প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অনুরোধে সেলফি তোলেন ও অটোগ্রাফ দেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক পরিস্থিতি সম্পর্কেও খোঁজ নেন তিনি।
অধ্যক্ষ জানান, কলেজের উন্নয়নের জন্য বালক ও বালিকাদের পৃথক আবাসিক হোস্টেল, একটি বহুতল ভবন এবং একটি অডিটোরিয়াম নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির বিষয়ে অবগত আছেন বলে জানান এবং দাবিগুলো লিখিতভাবে জমা দিতে বলেন। লিখিত প্রস্তাব পাওয়ার পর বিষয়গুলো বিবেচনা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন বলে জানান অধ্যক্ষ।
পরে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাঁকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com