ইশরাকের পিস্তল প্রদর্শনের ঘটনায় জামায়াত নেতা জুবায়েরের নিন্দা
গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনাকে জনমনে আতঙ্ক সৃষ্টির শামিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
রোববার (১৮ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
বিবৃতিতে জুবায়ের অভিযোগ করেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে মাদকের বিস্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তাঁর দাবি, সরকারের ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি সরাতে বিভিন্ন তৎপরতা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।
জামায়াতের এই নেতা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর নিজের হাতে আইন তুলে নেওয়ার মতো আচরণ গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, অস্ত্র প্রদর্শন এবং প্রতিমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের আগ্রাসী ভূমিকা জনমনে ভীতি তৈরি করতে পারে। তিনি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে জুবায়ের আরও অভিযোগ করেন, ইশরাক হোসেন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছেন। তাঁর মতে, এ ধরনের আচরণ দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির জন্য অনুচিত এবং তা অপরাধপ্রবণ ব্যক্তিদের উৎসাহিত করতে পারে।
তিনি সরকারের সব পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের আইন যথাযথভাবে প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে জনবান্ধব ও আইনসম্মত পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com