প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের পাঁচটি সম্ভাবনাময় খাতে জাপানি কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাতগুলো হলো—গাড়ি উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা, রেল ও লজিস্টিকস এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন।
বুধবার (২৮ অক্টোবর) টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) কার্যালয়ে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামের সংলাপে মূল বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৫০টি জাপানি প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। তবে বাংলাদেশে জাপানের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ এখনো ৫০ কোটি মার্কিন ডলারের নিচে। তিনি জানান, গত অর্থবছরে জাপানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ১৩৬ কোটি ডলার। একই সময়ে জাপান থেকে বাংলাদেশে পণ্য আমদানি হয়েছে ২১৬ কোটি ডলারের।
গাড়ি উৎপাদন ও জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান
গাড়ি উৎপাদন খাতে জাপানের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারেক রহমান। ২০২৯ সালের মধ্যে বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানায় পূর্ণাঙ্গ উৎপাদন শুরুর লক্ষ্যে টয়োটার পরিকল্পনাকে স্বাগত জানিয়ে তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।
জ্বালানি খাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে জাপানি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রযুক্তি ও রেল যোগাযোগে যৌথ উদ্যোগের পরিকল্পনা
প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস উৎপাদনকে কেন্দ্র করে বাংলাদেশ-জাপান প্রযুক্তি পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
যোগাযোগ ও পরিবহন অবকাঠামোর উন্নয়নে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালসহ দেশের প্রধান শহরগুলোকে যুক্ত করে উঁচু পথে দ্রুতগতির রেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। এ খাতে রেল ও লজিস্টিকস সংশ্লিষ্ট জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও তাঁর বক্তব্যে উঠে আসে।
কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণেও বিনিয়োগের সুযোগ
কৃষিপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান তারেক রহমান। এ প্রসঙ্গে তিনি আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সেখানে জাপানি মানদণ্ড অনুসরণ করে শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সুমিতোমো করপোরেশন অঞ্চলটির উন্নয়নে কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, জাপানি বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, উন্নত অবকাঠামো, শুল্ক সুবিধা এবং করব্যবস্থার পূর্বানুমানযোগ্যতা নিয়ে যেসব উদ্বেগ রয়েছে, সেগুলো সমাধানে সরকার কাজ করছে।
বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ভূমিকা রেখে আসছে। এখন উন্নয়ন সহযোগিতার পাশাপাশি আগামী ৩০ থেকে ৫০ বছরের জন্য দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com