সংগৃহীত
জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে সংকটের বাস্তব চিত্র আড়াল করতে জনগণকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীতে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে। এর ফলে পরিবহন খাতসহ বিভিন্ন সেবামূলক খাতে ব্যয় বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে দ্রব্যমূল্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
তিনি দাবি করেন, জ্বালানি সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। তবে সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে সংকট মোকাবিলা করা সম্ভব। সরকারকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে জনবান্ধব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
এনসিপির এই নেতা আরও বলেন, রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ অতিরিক্ত চাপের মুখে পড়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলবে, যার ফলশ্রুতিতে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে।
সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির অর্থায়ন নিয়েও প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করে কোনো কর্মসূচি বাস্তবায়ন জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি জ্বালানি খাতের সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন এবং দ্রুত পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com